
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা পাওয়াকে নাগরিকের আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিতে নতুন বিল অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন দিল্লি মন্ত্রিসভা। ‘দিল্লি (নাগরিকদের সময়বদ্ধ ও ঝামেলামুক্ত সরকারি পরিষেবা প্রদানের অধিকার) বিল, ২০২৬’ অনুমোদনের মাধ্যমে ২০১১ সালের বিদ্যমান আইনকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) জানিয়েছে, নতুন আইনের লক্ষ্য প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিক-কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পরিষেবা পাওয়ার আইনি নিশ্চয়তা মিলবে।
সরকারের দাবি, এই আইনের আওতায় সরকারি পরিষেবাগুলি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট আবেদন স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন ব্যবস্থা গড়ে তোলা হবে।
বিলে ‘দিল্লি রাইট টু সার্ভিসেস কমিশন’ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। পরিষেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব বা গাফিলতির ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে জরিমানা-সহ জবাবদিহির ব্যবস্থা থাকবে।
মুখ্যমন্ত্রীর দফতরের মতে, ‘সেবা হি সংকল্প’ নীতিকে সামনে রেখে এই সংস্কার কার্যকর করা হচ্ছে। সরকারের দাবি, দ্রুত পরিষেবা, অধিক স্বচ্ছতা এবং দক্ষ প্রশাসনের মাধ্যমে ‘বিকশিত দিল্লি’ গড়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য