
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারতরত্ন তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. কামরাজের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাষ্ট্র গঠনে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন দুই নেতাই।
বুধবার কে. কামরাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কে. কামরাজ ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এক শক্তিশালী স্তম্ভ এবং রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গকারী এক অসাধারণ জননেতা। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বঞ্চিতদের কল্যাণে কামরাজের যে অবিচল প্রতিশ্রুতি ছিল, তা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করে যাবে।
অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই দূরদর্শী নেতাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, কামরাজ তাঁর সমগ্র জীবন পিছিয়ে পড়া মানুষের উত্থান, তাঁদের সম্মান ও অধিকার রক্ষার লড়াইয়ে উৎসর্গ করেছিলেন। সামাজিক ন্যায়বিচার এবং নিঃস্বার্থ জনসেবার যে ঐতিহ্য তিনি রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯০৩ সালের ১৫ জুলাই তামিলনাড়ুর বিরুধুনগরে জন্মগ্রহণ করেন কে. কামরাজ। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং পরবর্তীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। তাঁর কার্যকালে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধিত হয়েছিল। হাজার হাজার নতুন স্কুল খোলার পাশাপাশি দরিদ্র শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে মধ্যাহ্নভোজন (মিড-ডে মিল) প্রকল্পের মতো দূরদর্শী পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যান তিনি। ভারতীয় রাজনীতিতে তাঁর অসামান্য সাংগঠনিক দক্ষতা এবং অতি সাধারণ জীবনযাপনের কারণে তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। ১৯৭৬ সালে তাঁকে মরণোত্তর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি