
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): ভারত–ব্রিটেন বাণিজ্য চুক্তির সুবাদে কলকাতা থেকে প্রথম গয়না রফতানি হল। বুধবার কলকাতা এয়ার কার্গো কমপ্লেক্স থেকে প্রথম গয়নার চালান রফতানি হয় ব্রিটেনে। প্রায় ১ কোটি মার্কিন ডলার মূল্যের এই চালানে - সোনা, হীরে, রুপো ও প্ল্যাটিনামের গয়না রয়েছে। অংশ নেন শহরের একাধিক শীর্ষ রফতানিকারক সংস্থা।
এই চুক্তির ফলে ভারতীয় গয়না ব্রিটেনের বাজারে প্রায় ৯৯ শতাংশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আগামী তিন বছরে ব্রিটেনে ভারতের রত্ন ও গয়না রফতানি বর্তমান প্রায় ৭৫ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার থেকে বেড়ে ২৫০ কোটি মার্কিন ডলারে পৌঁছতে পারে বলে আশা প্রকাশ করেছে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (জিজেইপিসি)। সংস্থার চেয়ারম্যান কিরিট ভানসালি জানান, এই চুক্তি রফতানি বৃদ্ধি, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং কারিগর ও এমএসএমই-দের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত