বর্ষাকালে সতর্কতার সঙ্গে কেদারনাথ যাত্রার আবেদন প্রশাসনের
রুদ্রপ্রয়াগ, ২ জুলাই (হি.স.) : বর্ষাকাল শুরু হলেও বিশ্ববিখ্যাত একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের তীর্থযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতি
বর্ষাকালে সতর্কতার সঙ্গে কেদারনাথ যাত্রার আবেদন প্রশাসনের


রুদ্রপ্রয়াগ, ২ জুলাই (হি.স.) : বর্ষাকাল শুরু হলেও বিশ্ববিখ্যাত একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের তীর্থযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার জেলাশাসক বিশাল মিশ্র জানান, বর্ষার বৃষ্টি এবং গ্রীষ্মের ছুটি শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই তীর্থযাত্রীর সংখ্যা কিছুটা কমেছে। তবুও কেদারনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি যাত্রীদের পরামর্শ দেন, যাত্রা শুরুর আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শারীরিকভাবে সক্ষম হওয়ার বিষয়টি নিশ্চিত করতে। পাশাপাশি রেনকোট, ছাতা, গরম পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

জেলাশাসক বলেন, বর্ষাকালে যাত্রাপথের কয়েকটি অংশ ভূমিধসপ্রবণ। তাই কোনও রকম তাড়াহুড়ো না করে সতর্কতার সঙ্গে যাত্রা করতে হবে। আবহাওয়া বা রাস্তার পরিস্থিতি বিবেচনায় প্রশাসন যদি সাময়িকভাবে যাত্রা স্থগিত রাখার বা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করার নির্দেশ দেয়, তবে তা ধৈর্যের সঙ্গে মেনে চলতে হবে।

তিনি আরও জানান, রাজ্য সরকার, জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দফতরের জারি করা সমস্ত নির্দেশিকা তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande