
আগরতলা, ২ জুলাই (হি.স.) : ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলি। আগরতলা রেলস্টেশনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য ৬ কোটি ৫৪ লক্ষ ৪৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলি।
বিশ্বস্ত সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), কাস্টমস বিভাগ এবং আসাম রাইফেলস-এর যৌথ বাহিনী আগরতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ৮৯টি ড্রাম তল্লাশি করে মোট ৫ লক্ষ ৫০ হাজার ৬২৬ শিশি এসকফ এবং ফেয়ারডাইল ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিপুল পরিমাণ এই কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকে এন্টারপ্রাইজে
-এর ম্যানেজার সুব্রত দেবকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল হোতা এবং নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তদন্তকারী সংস্থাগুলির দাবি, উত্তর-পূর্বাঞ্চলে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ পাচার রুখতে ধারাবাহিকভাবে নজরদারি বাড়ানো হয়েছে। আগরতলা রেলস্টেশনে এই বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার সেই অভিযানেরই একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।
উদ্ধার হওয়া কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ