পবিতরা অভয়ারণ্যে উদযাপিত বন মহোৎসব-২৬, চারটি নতুন প্রকল্প ঘোষণা বনমন্ত্রী জয়ন্তমল্লের
মরিগাঁও (অসম), ২ জুলাই (হি.স.) : একশৃঙ্গ গণ্ডারের আবাসভূমি মরিগাঁও জেলার অন্তৰ্গত পবিতরা অভয়ারণ্যে বন মহোৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজ্যের বন, পরিবেশ ও অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া অভয়ারণ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বন, পরিবেশ ও অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া


মরিগাঁও (অসম), ২ জুলাই (হি.স.) : একশৃঙ্গ গণ্ডারের আবাসভূমি মরিগাঁও জেলার অন্তৰ্গত পবিতরা অভয়ারণ্যে বন মহোৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজ্যের বন, পরিবেশ ও অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া অভয়ারণ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্ৰহণ করেছেন।

মন্ত্রীর পাশাপাশি বন দফতরের অন্যান্য পদস্থ এবং উচ্চপদস্থ আধিকারিকরাও বৃক্ষরোপণ করেছেন। এদিন মোট ৭৭টি গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্তমল্ল বন দফতরের চারটি নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন।

মন্ত্রী জানান, আগামী ১০ আগস্ট থেকে ‘বৃক্ষ বন্ধু’ প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ ছাত্রছাত্রীর অংশগ্রহণে রাজ্যজুড়ে ১ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে রোপিত চারাগুলির পরিচর্যার জন্য একজন করে জব কার্ডধারী কর্মীকে যুক্ত করা হবে, জানান তিনি।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ফলবাড়ি’ নামে আরও একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন মন্ত্রী। অসমের দেশীয় ফলের প্রজাতিগুলিকে সংরক্ষণ ও প্রসারের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করেছে বন দফতর।

পাশাপাশি ‘জন্মদিন সবুজ শপথ উদ্যান’ নামে রাজ্যের প্রতিটি রেঞ্জ অফিসে একটি করে উদ্যান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। বন দফতরের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যানগুলিতে সাধারণ মানুষ নিজেদের জন্মদিনে একটি করে চারা গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

তাছাড়া রাজ্যের চর-চাপরি এলাকাগুলিকে ধীরে ধীরে বনাঞ্চলে রূপান্তরিত করার লক্ষ্যে ‘চর-চাপরি সবুজায়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের বীজ ড্রোনের মাধ্যমে চরাঞ্চলে ছড়িয়ে দিয়ে সেখানে বনায়নের উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া বলেন, আগের মতো এবারও রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েই বাজেট প্রণয়ন করা হবে। তবে এবারের বাজেটে কোনও নতুন কর আরোপ করা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande