
বরপেটা (অসম), ২ জুলাই (হি.স.) : বনমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার কড়া নির্দেশের পর তৎপর হয়ে উঠেছে রাজ্যের বন দফতর। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ সো-মিলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বরপেটা জেলার চেঙা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৃহত্তর চরাঞ্চলে বন দফতর ব্যাপক অভিযান চালিয়েছে। গোয়ালপাড়া ও বরপেটা জেলা বন দফতরের যৌথ অভিযানে বাঘমারাচর, আলোপতিচর এবং কালাইরদিয়ায় অবৈধভাবে পরিচালিত ১০টি সো-মিল উচ্ছেদ করা হয়। পাশাপাশি, কয়েক লক্ষ টাকার অবৈধ কাঠও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দশটি কাঠ কাটার মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জাম।
বরপেটা রোডের রেঞ্জ ফরেস্ট অফিসার ধর্মেন্দ্র দাস জানান, ভবিষ্যতেও অবৈধ সো-মিল এবং কাঠ পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস