জিবিপি হাসপাতালের পরিষেবার হাল নিয়ে সরব এসইউসিআই (সি), স্বাস্থ্য অধিকর্তাকে ডেপুটেশন
আগরতলা, ২ জুলাই (হি.স.) : ত্রিপুরার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবিপি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সরব হলো এসইউসিআই (সি)। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ
এসইউসিআই(সি)-র ডেপুটেশন


আগরতলা, ২ জুলাই (হি.স.) : ত্রিপুরার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবিপি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সরব হলো এসইউসিআই (সি)। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় দলের প্রতিনিধিটা। পাশাপাশি, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন প্রতিনিধিরা।

এসইউসিআই (সি)-র পক্ষ থেকে জানানো হয়, জিবিপি হাসপাতাল শুধু আগরতলা নয়, সমগ্র ত্রিপুরার মানুষের কাছে ভরসার প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, অপর্যাপ্ত পরিকাঠামো, রোগী পরিষেবার সীমাবদ্ধতা এবং প্রশাসনিক নানা সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এসইউসিআই (সি)-র অভিযোগ, বহির্বিভাগে (আউটডোর) দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। অনেক ক্ষেত্রেই মুমূর্ষু রোগীদের জন্য তাৎক্ষণিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। টিকিট কাউন্টারের সংখ্যা কম হওয়ায় প্রতিদিনই ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এখনও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু না হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

স্মারকলিপিতে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, ওয়ার্ড ও বহির্বিভাগের পরিকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবিও জানানো হয়েছে। এছাড়াও রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা, পানীয় জল, শৌচাগারসহ প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

এসইউসিআই (সি)-র নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ, মহিলা, শিশু এবং প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের চরম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে।

সংগঠনের নেতারা বলেন, উন্নত স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার। তাই রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল হিসেবে জিবিপি হাসপাতালের পরিষেবার মান উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন ও গণঅভিযান করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্য অধিকর্তার দফতরে জমা দেওয়া এই স্মারকলিপিকে ঘিরে হাসপাতালের পরিষেবা উন্নয়নের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এখন প্রশাসন এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande