
নদিয়া, ২ জুলাই (হি. স.): নদিয়ার হবিবপুরের রামনগর-২ গ্রাম পঞ্চায়েতে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সুকলাল মণ্ডল। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া, গালিগালাজ এবং শারীরিক হেনস্থার অভিযোগে তিনি বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগ, ‘আবাস প্লাস’ প্রকল্পের ফিল্ড সার্ভে চলাকালীন পঞ্চায়েত অফিসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে সুকলাল মণ্ডল সেখানে ফিরে আসেন। তিনি ও অন্যান্য আধিকারিক বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন যে, প্রকৃত যোগ্য উপভোক্তাদের নাম অন্তর্ভুক্ত করতে আগামী ৪ জুলাই পর্যন্ত সমীক্ষা চলবে। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।বৃহস্পতিবার সুকলাল মণ্ডল দাবি করেন, ২০০ থেকে ৩০০ জনের একটি উত্তেজিত জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, হাত ধরে টানাহেঁচড়া করে এবং তাঁর লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। তিনি বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে।ঘটনার পর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়