কোকরাঝাড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিটিসি-প্রধান মহিলারির
কোকরাঝাড় (অসম), ২ জুলাই (হি.স.) : ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হাগ্রামা মহিলারি আজ বৃহস্পতিবার কোকরাঝাড়ে বিটিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিভাগীয় পর্যালোচনা বৈঠক করেছেন।
কোকরাঝাড়ে উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারির


কোকরাঝাড় (অসম), ২ জুলাই (হি.স.) : ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হাগ্রামা মহিলারি আজ বৃহস্পতিবার কোকরাঝাড়ে বিটিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিভাগীয় পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে তিনি জেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং পরিকাঠামোগত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিটিসি-প্রদান মহিলারি।

বৈঠকের শুরুতে বিটিসির সচিব কর্মদেব ব্রহ্ম স্বাগত ভাষণ দেন। বৈঠকে বিধায়ক রূপম রায়, আশ্রাফুল ইসলাম শেখ ও শোভারাম বসুমতারি, এমসিএলএ ধনেশ্বর গয়ারি, অনতাজ আলি, যুবিরাজ বসুমতারি এবং আজামুল হক, কার্যনির্বাহী সদস্য ডেরহাসাত বসুমতারি, রবিরাম নার্জারি, মৃত্যুঞ্জয় নার্জারি ও প্রকাশ বসুমতারি সহ বিভিন্ন দফতরের সচিব এবং ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে লোকনির্মাণ (সড়ক) বিভাগ, লোকনির্মাণ (ভবন) বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং পৌর পরিষদের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশন এবং ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের বলে বাস্তবায়নাধীন প্রকল্পগুলির কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয়েছে বৈঠকে।

পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, অসমমালা প্রকল্প, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন, দীনদয়াল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি, নগর-উন্নয়ন প্রকল্প, মিনি স্টেডিয়াম, দক্ষতা কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করেছেন বিটিসি-প্রধান।

বৈঠকে বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারি সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যাগুলি দ্রুত দূর করা, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

হাগ্রামা বলেন, সাধারণ মানুষের স্বার্থে উন্নত পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত পরিষেবা নিশ্চিত করতে হলে সব উন্নয়নমূলক প্রকল্প গুণগত মান ও স্বচ্ছতা বজায় রেখে সময়মতো সম্পন্ন করতে হবে। তিনি জানান, বৈঠকে উপস্থাপিত অগ্রগতির ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে আকস্মিক পরিদর্শন ও পর্যালোচনা করা হবে। তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে অসম্পূর্ণ প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

তিনি ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী বিভাগীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে বিভিন্ন দফতরের অগ্রগতি এবং বর্তমান বৈঠকে প্রদত্ত নির্দেশনাগুলির বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande