
লাউদোহা, ২ জুলাই (হি. স.): পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বনশোল গ্রামে একটি কুয়ো থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয় বাসিন্দা কালীচরণ মাঝি জানান, বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ কুয়ো থেকে জল তুলতে গিয়ে জলের মধ্যে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি বনশোল বা আশপাশের এলাকার বাসিন্দা নন বলে তাঁদের ধারণা। ফলে ওই ব্যক্তি কীভাবে কুয়োর মধ্যে এলেন এবং তাঁর মৃত্যুর পেছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই বনশোল গ্রামে আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়