(আপডেট)বারাসাত আদালতে তোলা হল দেবরাজ চক্রবর্তীকে, সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
বারাসাত, ২ জুলাই (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। বুধবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পুরুলিয়ার একটি
বারাসাত কোর্ট


বারাসাত, ২ জুলাই (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। বুধবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পুরুলিয়ার একটি প্রত্যন্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতে ১৭ জুন কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।বৃহস্পতিবার তাঁকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরে এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ও বিজেপি কর্মীদের একাংশ ডিম হাতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে বারাসাত থানার পুলিশ মোতায়েন করা হলেও, দেবরাজ চক্রবর্তীকে আদালতের লকআপে নিয়ে যাওয়ার সময় আদালত ভবনের ছাদ থেকে তাঁর লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয় বলে অভিযোগ।সরকারপক্ষের আইনজীবী জানান, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কোটি কোটি টাকার তোলাবাজি, হুমকি-ধমকি এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত চলছে। পুলিশি হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে তদন্তকারীদের আশা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande