‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান’-এর মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্য অসম বিজেপির
গুয়াহাটি,২ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি হলো এর শৃঙ্খলাবদ্ধ কার্যপদ্ধতি, সুস্পষ্ট আদর্শ এবং রাষ্ট্রসেবার প্রতি অটল অঙ্গীকার। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর সংকল্পকে মূলমন্ত্র করে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, পঞ্চনিষ্ঠা এবং
‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান’-এর মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্য অসম বিজেপির


গুয়াহাটি,২ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি হলো এর শৃঙ্খলাবদ্ধ কার্যপদ্ধতি, সুস্পষ্ট আদর্শ এবং রাষ্ট্রসেবার প্রতি অটল অঙ্গীকার। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর সংকল্পকে মূলমন্ত্র করে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, পঞ্চনিষ্ঠা এবং একাত্ম মানবতাবাদ দর্শনের নীতিকে ভিত্তি করে সমাজের সব স্তরের মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

এই লক্ষ্যকে সামনে রেখে অসম প্ৰদেশ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পরিচালিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান’-এর অধীনে রাজ্যের বিভিন্ন জেলার মণ্ডল পর্যায়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে জেলা পর্যায়েও এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে, জানিয়েছেন প্ৰদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট প্রিয়াঙ্কা তামুলি।

তামুলি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দলীয় কর্মীদের সংগঠনের ইতিহাস, আদর্শ, কার্যপদ্ধতি এবং সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে আরও সুসংগঠিত ও বিস্তৃত জ্ঞান প্রদান করা।

তিনি জানান, প্রশিক্ষণ শিবিরগুলিতে বিজেপির প্ৰদেশ সভাপতি দিলীপ শইকিয়া ছাড়াও প্রতিটি মণ্ডলের স্থানীয় বিধায়ক, সাংসদ এবং প্রদেশস্তরের পদাধিকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তাঁরা কার্যকর্তাদের দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, নীতি-আদর্শ, শৃঙ্খলা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কর্মীদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা করছেন।

প্রিয়াঙ্কা তামুলি আরও জানান, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, বিধায়ক, সাংসদ এবং পদাধিকারীরা শুধু প্রশিক্ষক হিসেবেই নয়, প্রত্যেকে একজন প্রশিক্ষর্থী হিসেবেও প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ মহা-অভিযানের অগ্রগতির পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির মোট ৪৩৩টি সাংগঠনিক মণ্ডলের মধ্যে ৩৫২টি মণ্ডলে ১৫ জুন থেকে ৫ জুলাই (২০২৬)এর মধ্যে প্রশিক্ষণ শিবির আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ২১৯টি মণ্ডলে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আরও ১৩৩টি মণ্ডলে প্রশিক্ষণের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এ পর্যন্ত অনুষ্ঠিত ২১৯টি মণ্ডল পর্যায়ের প্রশিক্ষণ শিবিরে সম্ভাব্য উপস্থিতির সংখ্যা ছিল ২৬,২৮০ জন। এর মধ্যে মোট ২৪ হাজার কার্যকর্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া ২০ হাজার ৫৮৩ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করে সম্পূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

প্রিয়াঙ্কা তামুলি জানান, এর পরবর্তী পর্যায়ে আগামী ৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত জেলা পর্যায়ে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান’ শুরু হবে। তিনি জানান, ইতিমধ্যে সম্পন্ন ২১৯টি প্রশিক্ষণ শিবিরের মধ্যে ২০৫টিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে দলের ইতিহাস, আদর্শ, সাংগঠনিক বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলি আরও কার্যকরভাবে তুলে ধরা হয়েছে।

ভারতীয় জনতা পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি সংগঠনের ভিত্তিকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনে দলকে আরও গতিশীল, শক্তিশালী এবং জনমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলেন অসম প্ৰদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট প্রিয়াঙ্কা তামুলি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande