
আরামবাগ , ২ জুলাই (হি.স.): বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরামবাগের কয়রাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দফতর। এর জেরে বৃহস্পতিবার স্কুলে মিড ডে মিল রান্না করা সম্ভব হয়নি। ফলে এদিন খুদে পড়ুয়ারা সরকারি মধ্যাহ্নভোজ থেকে বঞ্চিত হয়। পাশাপাশি প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে পড়াশোনা করতেও সমস্যার মুখে পড়ে ছাত্রছাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় রান্নার প্রয়োজনীয় ব্যবস্থা ব্যাহত হয় এবং মিড ডে মিল বন্ধ রাখতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক হেমন্ত বাগ জানান, বিষয়টি তিনি আরামবাগের মহকুমা শাসকের নজরে এনেছেন। তাঁর আশ্বাস, প্রশাসনের উদ্যোগে আজ অথবা আগামীকালের মধ্যেই বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে, যাতে পড়ুয়াদের আর সমস্যায় পড়তে না হয়।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে পড়ুয়াদের স্বাভাবিক পঠনপাঠন ও মিড ডে মিল পরিষেবা নিশ্চিত করার দাবি উঠেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA