
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : বাংলা শিশু সাহিত্যের অন্যতম প্রবাদপ্রতিম সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষে নদীয়া জেলাতে কথাশিল্প বাচিক সংস্থার উদ্যোগে ধুবুলিয়ার মহলাকক্ষে অনুষ্ঠিত হল এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন সাহিত্যপ্রেমী, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয়েছে। এই বিশিষ্ট শিশু সাহিত্যিকের জীবন, সাহিত্যকীর্তি এবং শিশুদের মনন গঠনে তাঁর অসামান্য অবদান প্রশংসিত ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেছেন যে, সুনির্মল বসুর বিখ্যাত কবিতা ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে…’ আজও ছোটদের প্রকৃতির কাছ থেকে মানবিকতা, উদারতা ও জীবনের মূল্যবোধ শেখায়। উল্লেখ্য, শিশু-কিশোরদের জন্য তিনি প্রায় ৯০টি গ্রন্থ রচনা করেছেন। এর পাশাপাশি বিভিন্ন সময়ে একাধিক পত্রিকার সম্পাদনার দায়িত্বও সামলেছেন। নবপ্রজন্মের চরিত্র গঠনের উদ্দেশ্যে তিনি নানা মনীষীর জীবনীও সহজ ভাষায় তুলে ধরেছিলেন। তাঁর সমগ্র সাহিত্য জুড়েই ছিল আদর্শ মানুষ হয়ে ওঠার সমস্ত রকম অনুপ্রেরণা।
ওই অনুষ্ঠানে সুনির্মল বসুর জীবন ও সাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন পীতম ভট্টাচার্য। তাঁর বক্তব্য - লেখকের সাহিত্যভাবনা, সমাজচেতনা এবং শিশুদের প্রতি গভীর মমত্ববোধের নানা দিক উন্মোচিত হয়েছে। সোমবার অনুষ্ঠানের শেষে কথাশিল্প এর ছাত্রছাত্রীরা সুনির্মল বসুর একাধিক কবিতা পাঠ করে। আবৃত্তির মাধ্যমেই শ্রদ্ধা নিবেদন হয়। উল্লেখ্য, সাহিত্য কীর্তির স্বীকৃতিস্বরূপ তিনি ‘ভুবনমোহিনী পদক’ এবং শিশু সাহিত্যে ‘বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার’-সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত