বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে বড় উদ্যোগ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘PACE’ ওয়েবসাইটের উদ্বোধন
মেদিনীপুর, ২০ জুলাই (হি. স.):-শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার পাপিয়া সুলতানা PACE (Police Assistance in Career & Employment Enhancement)
ওয়েবসাইট উদ্বোধন


মেদিনীপুর, ২০ জুলাই (হি. স.):-শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার পাপিয়া সুলতানা PACE (Police Assistance in Career & Employment Enhancement) নামে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, কর্মস্থলসহ প্রয়োজনীয় তথ্য জানতে এবং অনলাইনে আবেদন করতে পারবেন।পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই ২৮টি বেসরকারি সংস্থা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও বহু শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর ১ থেকে ১০ আগস্ট আবেদনপত্র যাচাই ও সাক্ষাৎকারের প্রক্রিয়া চলবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে স্বাধীনতা দিবসের আগেই নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরও জানান, নিয়োগের ক্ষেত্রে ৮০ থেকে ৯০ শতাংশ স্থানীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস মিলেছে এবং অন্তত ৩০ শতাংশ মহিলা প্রার্থী নিয়োগের বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতির জন্য জেলা পুলিশের ‘প্রস্তুতি’ প্রকল্পও চালু হয়েছে। এই দুই উদ্যোগ জেলার যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande