
জম্মু, ২১ জুলাই (হি.স.): জম্মু জেলার আখনুড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ২০ এবং ২১ জুলাইয়ের মধ্যবর্তী রাতে সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় এক পাকিস্তানি নাগরিককে হাতেনাতে পাকড়াও করেছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনাটি ঘটেছে আখনুড়ের পুলিশ পোস্ট খোড়ের অন্তর্গত বিএসএফ-এর ১৩৪ ব্যাটালিয়নের অধীনস্থ মলাবেলা বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের। সঙ্গে সঙ্গে তাকে থামার নির্দেশ দেন এবং সতর্কবার্তা জারি করেন। কিন্তু বিএসএফের নির্দেশ অমান্য করে ওই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডের দিকে এগোতে থাকলে জওয়ানরা তাকে দ্রুত ঘিরে ফেলে এবং কাবু করে।
প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি নিজের নাম মহম্মদ রফিক ওরফে কালা (৫৩) বলে জানিয়েছে। তার বাবার নাম মহম্মদ শফিক এবং সে পাকিস্তানের পিণ্ডি গ্রামের বাসিন্দা। জেরায় সে দাবি করেছে, সে লূনি গ্রাম থেকে বেরিয়ে পাকিস্তানেরই জং গ্রামে নিজের বিবাহিত বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পথ ভুলে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে বলে তার দাবি।
তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র, চশমা, সিগারেটের প্যাকেট, লাইটার, তামাক, কেক, আম স্বাদের বিস্কুট, চকলেট, নেল কাটার এবং একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ধৃত পাকিস্তানি নাগরিক বিএসএফ-এর হেফাজতে রয়েছে। সীমান্ত পার হওয়ার পেছনের প্রকৃত কারণ জানতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি