
পূর্ব মেদিনীপুর, ২১ জুলাই (হি.স.): কারখানার ভেতর কাজ করার সময় পা কাটা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হলদিয়ার একটি প্রসিদ্ধ কারখানায়। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনার পর কারখানায় শ্রমিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম তুলসী পাত্র। তিনি হলদিয়ার বানেশ্বর চক এলাকার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার জানা গেছে, এদিন সকালে কারখানার ভেতরের পণ্যবাহী ট্র্যাকে একটি পণ্যবোঝাই ওয়াগন প্রবেশ করে। পণ্য খালি করার পর ওয়াগনটি যখন পিছনের দিকে যাচ্ছিল| সেই সময় ট্র্যাকে কাজ করছিলেন তুলসীবাবু। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপর্যয়। পিছন দিক থেকে আসা ওয়াগনটি তাঁকে ধাক্কা মারে এবং তাঁর দুটি পায়ের উপর দিয়ে চাকা চলে যায়। তাঁর আর্তনাদ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি, হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর কারখানায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ