
ফাঁসিদেওয়া, ২৩ জুলাই (হি. স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সাইফুদ্দিন অপূর্ব। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ধনিয়া মোড় এলাকায় ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা যুবককে আটকে রেখে খবর দেন পুলিশে। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। উপযুক্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাঁকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশি তদন্তে প্রাথমিক তথ্যে জানা গেছে, অভিযুক্ত যুবক প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। এরপর সেখান থেকে কলকাতা হয়ে ফাঁসিদেওয়ায় পৌঁছান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, বাংলাদেশে আওয়ামি লিগের সমর্থনে এক বিক্ষোভে শামিল হওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে ভারতে চলে আসেন।
তবে তিনি কেবল জীবন বাঁচাতেই ভারতে পালিয়ে এসেছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা নিশ্চিত করতে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি