
কলকাতা, ২৩ জুলাই (হি স.) : দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে প্রস্তাবিত নন-ইন্টারলকিং কাজের জন্য আগামী ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত দূরপাল্লার মেল-এক্সপ্রেস এবং শহরতলি লোকাল ট্রেন চলাচলে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রেলের বিজ্ঞাপিত তালিকা অনুযায়ী, মোট ৫৩টি মেল-এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট দিনে বিকল্প স্টেশন থেকে শুরু বা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়ার বদলে এই ট্রেনগুলির অধিকাংশ সাঁতরাগাছি বা শালিমার থেকে ছাড়বে এবং সেখানেই যাত্রা শেষ করবে।
হাওড়ার বদলে সাঁতরাগাছি বা শালিমার থেকে ছাড়বে ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, বেঙ্গালুরু এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল মেল, ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস, মুম্বই মেল, ইস্পাত এক্সপ্রেস ও জুনাগড় রোড এক্সপ্রেস। একইভাবে দূরন্ত এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, চক্রবর্তীপুর-হাওড়া, স্টিল এক্সপ্রেস ও আজাদ হিন্দ এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি বা শালিমারে শেষ হবে। আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই হাওড়া থেকে রওনা হওয়া ট্রেন এবং ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত হাওড়াগামী ট্রেনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য থাকবে।
নন-ইন্টারলকিং কাজের প্রভাবে মেদিনীপুর, খড়গপুর, মেচেদা, পাঁশকুড়া ও আমতা রুটের ১৬টি শহরতলি লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। ২৬ জুলাই হাওড়া-মেচেদা ও হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং ২৭ জুলাই মেদিনীপুর, খড়গপুর ও আমতা রুটের অধিকাংশ লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি