ভোররাতে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হাতির তাণ্ডব, ভাঙচুর চানাচুর কারখানা ও দোকানে
ঝাড়গ্রাম, ২৩ জুলাই (হি.স.): ভোররাতে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে তাণ্ডব চালাল দুটি হাতি। খাবারের সন্ধানে একটি চানাচুর কারখানা, দোকান এবং মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলে হাতি দু’টি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয
ভোররাতে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হাতির তাণ্ডব, ভাঙচুর চানাচুর কারখানা ও দোকানে


ঝাড়গ্রাম, ২৩ জুলাই (হি.স.): ভোররাতে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে তাণ্ডব চালাল দুটি হাতি। খাবারের সন্ধানে একটি চানাচুর কারখানা, দোকান এবং মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলে হাতি দু’টি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়।

বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টে নাগাদ ঝাড়গ্রাম রেঞ্জের ধবনী বিটের নুয়াগড় গ্রামে ঢুকে পড়ে দুটি হাতি। প্রথমে অপু মাহাতোর চানাচুর কারখানার দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে হাতি দু’টি। সেখানে থাকা ডাল, ময়দা-সহ চানাচুর তৈরির অন্যান্য কাঁচামাল খেয়ে এবং পায়ে মাড়িয়ে নষ্ট করে বলে অভিযোগ। এরপর বরুণ মাহাতোর মাটির বাড়ির দেওয়াল ভেঙে খাবারের সন্ধান করে হাতি দু’টি। পরে স্থানীয় বাসিন্দারা হাতি দু’টিকে তাড়া করলে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময় কিশোর মাহাতোর দোকানের একাংশ ভেঙে খাবারের সন্ধান করে তারা। এরপর হাতি দু’টি স্থানীয় জঙ্গলে চলে যায়।

চানাচুর কারখানার মালিক অপু মাহাতো বলেন, “ভোরে দুটি হাতি এসে আমার কারখানার দেওয়াল ভেঙে ডাল, ময়দা-সহ অন্যান্য জিনিস খেয়ে এবং পায়ে মাড়িয়ে নষ্ট করেছে। বনদফতরের কাছে আবেদন, যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। ক্ষতিপূরণ না পেলে খুব সমস্যায় পড়তে হবে। এখন কারখানা কীভাবে মেরামত করব, তা বুঝতে পারছি না।”

বনদফতর সূত্রে জানানো হয়েছে, হাতি দু’টির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। হাতির হামলায় যাঁদের বাড়িঘর বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিকে, সাঁকরাইল ব্লকের বরডাঙ্গা বিটের বড়াশুলি ও গোলবাঁধি এলাকায় গত কয়েক দিন ধরে ১৫টি হাতির একটি দল তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে আরও প্রায় ৫০টি হাতির একটি দল মানিকপাড়া রেঞ্জের দিক থেকে ৪৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বরডাঙ্গা বিট এলাকায় ঢুকে পড়ে। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির দলটির উপরও নজরদারি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande