
মুর্শিদাবাদ, ২৩ জুলাই (হি. স.): মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল ও সভামঞ্চে পৌঁছে বক্তব্য রাখার আগেই তিনি সোজা চলে যান স্বজনহারাদের কাছে। শোকাতুর স্বজনদের আশ্বস্ত করে তিনি বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই, তবে আমার পক্ষে যা যা সম্ভব আমি করব।”
একই সঙ্গে এই দুর্ঘটনার পর নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং গুরুতর জখমদের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
ঘটনার তদন্তের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ জানিয়েছে যে গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি কথা দিচ্ছি, দোষী ব্যক্তি কঠোরতম শাস্তি পাবে।” পরিবারের অন্যান্য দাবির প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকার সম্পূর্ণ দায়বদ্ধতা নিয়ে পরিবারের পাশে থাকবে। সভা শেষে তাঁর হাসপাতালেও জখমদের দেখতে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই (শুক্রবার) মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকায় রেল গেট খোলা থাকা অবস্থাতেই ট্রেনের লাইন পার হচ্ছিল একটি পুলকার ও সাইকেলসহ বেশ কিছু যানবাহন। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেন সরাসরি সেগুলিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৪ শিশু-সহ মোট ৫ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে জানা যায়, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে যান। ইতিমধ্যেই অভিযুক্ত গেটম্যানকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি