
মুর্শিদাবাদ, ২৭ জুলাই (হি.স.): সোমবার বিকেলে স্টেশনের ছাউনির লোহার অংশ ভেঙে জখম হলেন বেশ কয়েকজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে। প্রথমে জানা গিয়েছিল, এই দুর্ঘটনায় আহত হন দু'জন। পরে জানা যায়, আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। আহতদের মধ্যে দু’জনের হাত ভেঙে গিয়েছে বলেও জানা গেছে।
জানা গেছে, ঘটনার সময় বেশ কয়েকজন যাত্রী স্টেশনের প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই মুহূর্তে হঠাৎ করেই ওপরের পুরনো লোহার ছাউনির একটি অংশ ভেঙে সোজা যাত্রীদের ওপর এসে পড়ে। আচমকা এই দুর্ঘটনায় স্টেশনে শোরগোল পড়ে যায়। অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত অন্যান্যরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ