
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি হিসেবে চার বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার ‘ই-উপহার’-এর তৃতীয় সংস্করণ চালু করেছেন; এতে জনসমক্ষে নিলামের জন্য রাষ্ট্রপতির প্রাপ্ত ৩০০টি নির্বাচিত উপহার অন্তর্ভুক্ত রয়েছে। এই নিলাম প্রক্রিয়াটি আগামী ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহায়তা প্রদানের কাজে ব্যয় করা হবে।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এদিন রাষ্ট্রপতির কার্যকাল বিষয়ক কয়েকটি প্রকাশনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এবং সেগুলোর প্রথম কপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগানও উপস্থিত ছিলেন। এদিন যেসব প্রকাশনা উন্মোচন করা হয়েছে সেগুলো হলো—‘রাষ্ট্রপতি ভবন: রাষ্ট্র কা ভবন’, ‘সেবা অউর সংবেদনা’, ‘সমাবেশী সহভাগিতা’, ‘ভারতীয়তা কা উৎসব’ এবং বিশিষ্ট ব্যক্তিদের লেখা প্রবন্ধের ওড়িয়া সংকলন ‘আমা রাষ্ট্রপতি - আমা গৌরব’।
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ছবি সহ এই সংকলনগুলো পাঠকদের রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য, কার্যপদ্ধতি এবং এর বিভিন্ন দিক সম্পর্কে পরিচিত করে তুলবে। তিনি উল্লেখ করেন, এই প্রকাশনাগুলোর প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে দেশবাসীকে নিজেদের ঐতিহ্যের প্রতি গর্ববোধের পাশাপাশি অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার ক্ষমতার মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ