পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন? লোকসভায় কেন্দ্রকে প্রিয়াঙ্কার প্রশ্ন
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মঙ্গলবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পেলেট গান ব
পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন? লোকসভায় কেন্দ্রকে প্রিয়াঙ্কার প্রশ্ন


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মঙ্গলবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন এবং গত এক দশকে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিল নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “দেশের যুবকদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের কী প্রয়োজন ছিল? ওরা কি সন্ত্রাসবাদী ছিল?” তিনি আরও প্রশ্ন তোলেন, “পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী? তাঁদেরই এর জবাব দিতে হবে। শুধু কংগ্রেস নয়, গোটা দেশই উত্তর চাইছে।”

এর পাশাপাশি কর্মসংস্থান এবং পরীক্ষা ব্যবস্থা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, সরকার ধারাবাহিকভাবে কর্মসংস্থান সৃষ্টিকারী বিভিন্ন ক্ষেত্রকে দুর্বল করেছে এবং দেশের পরীক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যার ফলে কোটি কোটি পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত একজন অভিযুক্তের বিরুদ্ধেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলের সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, “এই বিলে প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর মতো কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। এতে দেশের যুবসমাজের আস্থা কীভাবে ফিরে আসবে?” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সম্ভবত তাঁর উপদেষ্টাদের বদলানো উচিত। তিনি বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নতুন নতুন কমিটি গঠন করলেই হবে না। রাধাকৃষ্ণন কমিটিও শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গঠন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই কমিটির একটি সুপারিশও কার্যকর করা হয়নি।”

সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, “ফাস্ট-ট্র্যাক আদালতের কাজের রেকর্ড অত্যন্ত হতাশাজনক। এমনকি গতকালও এই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না।”

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, “সংসদে বিরোধীদের দোষারোপ করে বা ফাঁকা রাজনৈতিক বক্তব্য দিয়ে কিছু হবে না। জেন-জি প্রজন্মের আস্থা ফিরে পেতে মোবাইল ফোনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নতুন ভিডিও বানালেই চলবে না। ক্যামেরার অ্যাঙ্গেল নয়, প্রধানমন্ত্রীকে তাঁর হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande