
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেও আন্দোলনকারী ছাত্র-যুবদের দাবিগুলি অবিলম্বে মেনে নেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। মঙ্গলবার দিল্লিতে দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের নির্দেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আন্দোলনকারীদের ন্যায্য দাবিগুলির সমাধান করাই এখন সরকারের প্রথম দায়িত্ব।
সৌরভ দাস বলেন, তাঁদের অন্যতম প্রধান দাবি ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা। পাশাপাশি, যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের দ্রুত মুক্তির দাবিও জানান তিনি। তাঁর অভিযোগ, মঙ্গলবারের মধ্যেই এ বিষয়ে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার কথা থাকলেও তা এখনও মেলেনি।
তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় দলের সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—সরকার যদি প্রতিশ্রুতি রক্ষা না করে, তা হলে ফের দিল্লিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সিজেপি।
সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে সৌরভ দাস বলেন, আদালতের যে কোনও নির্দেশকে তাঁরা সম্মান করেন। তবে সেই নির্দেশ আন্দোলনকারীদের দাবির বিকল্প হতে পারে না। আগে সরকারকে আন্দোলনকারীদের দাবি মেনে নিতে হবে, তারপর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা উচিত।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে সাম্প্রতিক পুলিশি পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত নাবালকদের অবিলম্বে মুক্তি, আন্দোলন-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দিল্লি-সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবের কাছে জবাবও তলব করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য