
দুর্গাপুর, ৩০ জুলাই (হি. স.): দুর্গাপুরের নিখোঁজ নাবালিকা উদ্ধার হল প্রয়াগরাজে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া নাবালিকাকে নিয়ে দুর্গাপুরে ফিরতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনায় জানা গেছে, উদ্ধার হওয়া নাবালিকা দুর্গাপুর আমরাই নিলডাঙার বাসিন্দা। সপ্তাহখানেক আগে, গ্রামেরই এক কিশোরী বিউটি পার্লারে কাজ দেওয়ার নামে প্রয়াগরাজ নিয়ে যায় বলে অভিযোগ। এদিকে রহস্যজনকভাবে বাড়ি থেকে কাউকে না জানিয়ে নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। সেই মত তদন্তে নেমে পুলিশ উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে উদ্ধার করে ওই নাবালিকাকে। ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গ সৎ সঙ্ঘ প্রমুখ প্রতাপাদিত্য মণ্ডল বলেন, মেয়েটি নাবালিকা। তাকে প্রলোভন দেখিয়ে গ্রামেরই এক কিশোরী নিয়ে গিয়েছিল। গোটা বিষয়টি সন্দেহজনক। অনুমান তাকে অন্য কোথায় পাচার করার পরিকল্পনা ছিল। তাই, যে মেয়েটি নিয়ে গিয়েছিল, তাকে গ্রেফতার করে তদন্ত করা হোক। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা