
পাটনা, ৩০ জুলাই (হি.স.): বিহারের পাটনার বহুচর্চিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৪.১৬ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট চলাকালীন বিবেকানন্দ মার্গের ডেভেলপমেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের ১৯ ও ২০ নম্বর বুথ-সহ কয়েকটি কেন্দ্রে বিজেপি এবং জন সুরাজের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এই উপনির্বাচনের জন্য মোট ৪২২টি ভোটকেন্দ্র করা হয়েছিল। মোট ২৫ জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে বন্দি। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার সিনহা, জন সুরাজের প্রশান্ত কিশোর এবং আরজেডির রেখা গুপ্তা। ভোটগণনা হবে ৩ আগস্ট।
নির্বাচনকে কেন্দ্র করে গোটা বিধানসভা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার কিছুটা বাড়লেও ভোটারদের উৎসাহ তুলনামূলকভাবে কম ছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ভোট দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (ললন) সিং বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং প্রত্যেক ভোটারেরই এতে অংশ নেওয়া উচিত। তিনি দাবি করেন, জন সুরাজের প্রার্থী প্রশান্ত কিশোরের জয়ের কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন তিনি পাচ্ছেন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদও ভোট দেওয়ার পর দলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে, জন সুরাজের প্রার্থী প্রশান্ত কিশোর অভিযোগ করেন, তাঁদের সমর্থকদের অকারণে পুলিশ হয়রানি করছে এবং গত সন্ধ্যা থেকে ২০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। তবে তাঁর দাবি, এসবের পরেও বাঁকিপুরে বিজেপির পরাজয় নিশ্চিত।
বিহার সরকারের মন্ত্রী অশোক চৌধুরী ভোট দেওয়ার পর বলেন, বাঁকিপুরে এনডিএ-র কোনও কার্যকর প্রতিদ্বন্দ্বী নেই এবং জোটের জয় নিশ্চিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য