ত্রিপুরায় নবনিযুক্ত এনএসইউআই সভাপতিকে সংবর্ধনা
আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-এর নবনিযুক্ত সভাপতি আমির হোসেনকে বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। দ
আমির হোসেনকে সংবর্ধনা


আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-এর নবনিযুক্ত সভাপতি আমির হোসেনকে বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। দিল্লি থেকে রাজ্যে ফিরে প্রথমবার কংগ্রেস ভবনে পৌঁছাতেই নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আমির হোসেনকে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-এর দায়িত্ব দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, আমির হোসেনের নেতৃত্বে দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ছাত্র সংগঠন রাজ্যের প্রতিটি জেলায় আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা, শিক্ষা ব্যবস্থা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে এনএসইউআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত রাজ্য সভাপতি আমির হোসেন তাঁর বক্তব্যে বলেন, তাঁর উপর আস্থা রাখার জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনএসইউআই-এর সর্বভারতীয় ইনচার্জ কানহাইয়া কুমার এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। তিনি বলেন, এই দায়িত্ব তাঁর কাছে শুধু একটি পদ নয়, বরং ছাত্রসমাজের অধিকার রক্ষায় সংগ্রামের অঙ্গীকার।

আমির হোসেন জানান, রাজ্যের সকল শ্রেণি, সম্প্রদায় ও অংশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, বেকারত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকাঠামোগত ঘাটতি এবং ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিকে সামনে রেখে এনএসইউআই আগামী দিনে রাজ্যজুড়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে বলেও তিনি ইঙ্গিত দেন।

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন পর কংগ্রেসের প্রদেশ সংগঠনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেলেন। এর আগে রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বিল্লাল মিয়া দায়িত্ব পালন করেছিলেন। এবার চড়িলাম এলাকার পরিচিত ছাত্রনেতা আমির হোসেনের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে বলেই দলের নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত।

সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রনেতা এবং কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নবনিযুক্ত সভাপতিকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নেতৃত্বে সংগঠনের সাফল্য কামনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande