
পূর্ব বর্ধমান, ৯ জুলাই (হি.স.): শেষরক্ষা হলো না পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খানের। তোলাবাজি, হুমকি-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার গভীর রাতে হুগলির গুড়াপ এলাকা থেকে মেহেমুদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত নেতাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মেহেমুদ খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, মানুষকে ভয় দেখানো এবং ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে অর্থ উপার্জনের একাধিক অভিযোগ উঠেছিল। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ। তাঁর গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। বুধবার রাতে হুগলির গুড়াপ এলাকা থেকে গ্রেফতার করা হয় এই দাপুটে তৃণমূল নেতাকে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ