
নদিয়া, ৯ জুলাই (হি.স.): বুধবার রাতে জনবহুল এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে এবং মুখে অ্যাসিড ঢেলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা বাজার এলাকায়। মৃতের নাম বিকাশ দাস। ধারালো অস্ত্রের কোপে তাঁকে হত্যার পর তাঁর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খুনের পর দোকানের সামগ্রী ও নগদ লুট করা হয়েছে বলেও অভিযোগ। মৃত ওই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে বুধবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি মৃতের ফোনের কল লিস্ট খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ