
রাজগড়, ১০ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ের সারংপুরে সোমবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে পাডানা বাইপাস সংলগ্ন ঝিরি ক্যানালের একটি নির্মীয়মাণ ব্রিজে একটি গাড়ি জলের তোড়ে ভেসে যায়। গাড়িটিতে একই গ্রামের ১১ জন ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ২ জন সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। উল্লেখ্য, প্রথমে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। পরে নিখোঁজ আরও দু'জনের দেহ উদ্ধার করা হয়। গাড়িতে ছিলেন ৩ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৪ জন শিশু। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
প্রয়াতরা হলেন, বিশাল (২৭), শঙ্কর সিং (৫০), পূজা (২৫), সাগরবাই (৪৫), মহক (২), বংশিকা (৩), রেনু পানওয়ার (২৮), জসপ্রীত (৫) এবং রাজবীর (৩)। জানা গেছে, দুর্ঘটনার পর মুকেশ সিং ও হুকুম সিং কোনওক্রমে সাঁতরে নিজেদের প্রাণ বাঁচান। জলের স্রোত অত্যন্ত বেশি থাকায় মুহূর্তের মধ্যে গাড়িটি জলে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। ক্রেনের সাহায্যে গাড়িটিকে জল থেকে তোলা হয়। সেসময় ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু সহ মোট ৭ জনের দেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ আরও দু'জনের দেহ উদ্ধার হয়।
উল্লেখ্য, পাডানার কাছে ঝিরি ক্যানালের ওপর প্রায় ৩০ ফুট লম্বা একটি সেতুর নির্মাণকাজ চলছিল। টানা ভারী বৃষ্টির কারণে ব্রিজের ওপর দিয়েই জল প্রবাহিত হচ্ছিল। সেই সময় গাড়িটি সেখান দিয়ে যাওয়ার সময় জলের প্রবল স্রোতের মুখে পড়ে। তাতেই ভেসে যায় গাড়িটি। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ