

সুনন্দা দাস
হাওড়া, ১৩ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকা তৈরির ব্যস্ততা তুঙ্গে হাওড়ার জগাছার উনশানি এলাকার একটি বাড়িতে। বাড়ির বাইরে দেওয়ালে তিরঙ্গার রং। আর ভিতরে চলছে পতাকা তৈরি, সেলাই ও প্যাকিংয়ের কাজ। বংশ পরম্পরায় এই বাড়িতেই তৈরি হয় জাতীয় পতাকা।
হালদার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে জাতীয় পতাকা তৈরির সঙ্গে যুক্ত। বর্তমানে পরিবারের বংশধর রাজু হালদার এই ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন। এখানে বিভিন্ন মাপের মোট ১৩ ধরনের জাতীয় পতাকা তৈরি করা হয়। মাপ অনুযায়ী পতাকার দামও আলাদা।
পরিবারের এক সদস্য হিন্দুস্থান সমাচার–এর প্রতিবেদককে জানান, প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে পতাকার চাহিদা বেড়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। চাহিদা মেটাতে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করছেন কারিগররা। পতাকা তৈরি থেকে শুরু করে সেলাই ও প্যাকিং—সব কাজই চলছে জোরকদমে।
কারিগররা জানান, কলকাতার বড়বাজারের ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে জাতীয় পতাকা কিনে নিয়ে যান। পরে সেই পতাকা রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, বিহার, অসম ও ওড়িশা-সহ একাধিক রাজ্যেও এখানকার তৈরি জাতীয় পতাকা পৌঁছে যায়।
স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অর্ডারের চাপ। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পতাকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন হাওড়ার এই ‘পতাকা বাড়ি’র কারিগররা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস