
শ্রীভূমি (অসম) ১৪ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমি জেলায় পুলিশের অভিযানে উদ্ধার হল ১৫টি সক্রিয় গুলি। গুলি বিক্রির গোপন লেনদেনের তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশ কাটাখাল এলাকায় একটি মোবাইল পার্টসের দোকানে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। উদ্ধার হওয়া গুলিগুলি ৭.৬৫ এমএম-এর বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গুলি বিক্রির লেনদেন সংক্রান্ত গোপন তথ্য পেয়ে শ্রীভূমি সদর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি ও এসআই জীতু বরুয়ার নেতৃত্বে লঙ্গাই রোডের কাটাখাল এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় একটি মোবাইল পার্টসের দোকানে তল্লাশি চালিয়ে ১৫টি ৭.৬৫ এমএম সক্রিয় গুলি উদ্ধার করা হয়।
অভিযানে দোকানের মালিক নোসেল আহমেদ (৩৭)-কে আটক করে পুলিশ। তাঁর পিতা ফরিদ আলী এবং বাড়ি শ্রীভূমি সদর থানার অন্তর্গত বিস্কুট এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি ও জব্দের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলি আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
তবে ওই গুলি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে বিক্রির জন্য রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্ত করে দেখছে পুলিশ। গুলি সরবরাহের উৎস এবং সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্বাধীনতা দিবসের ঠিক আগে একসঙ্গে ১৫টি সক্রিয় গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থার উপরও নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত এগোলে গুলি উদ্ধারের নেপথ্যে থাকা চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস