
কলকাতা, ১৪ আগস্ট ( হি. স.): শুক্রবার কলকাতায় মাণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজোর খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল পুজোর প্রস্তুতি। এ বার এই পুজো পা দিল ৮৪তম বর্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় ওঝা, পুজোর চেয়ারম্যান সুদীপ ভুটিয়া, সভাপতি অশোক জয়সওয়াল, সম্পাদক রাজেশ জয়সোওয়াল, ভাইস চেয়ারম্যান রাজেশ বিহানি এবং উদ্বোধনী কমিটির সভাপতি শিশির বাজোরিয়া।
উল্লেখ্য, খুঁটিপুজোর অনুষ্ঠানে তারকা উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষ এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট সুহেল শেঠ। এদিন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি ঘিরে ছিল উদ্যোক্তা ও আমন্ত্রিতদের মধ্যেই যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার ছবি । প্রসঙ্গতঃ মাণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কলকাতার অন্যতম পরিচিত পুজো। খুঁটিপুজোর মাধ্যমেই এদিন থেকে শুরু হল আগামী শরতের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে প্রতি বছরই এই পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ৮৪তম বর্ষে সেই প্রত্যাশা আরও খানিক বাড়ল বটে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত