
শ্রীভূমি, (অসম) ১৪ আগস্ট (হি.স.): ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার শ্রীভূমি জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এদিন সকাল ৯টায় শহরের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) এবং পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পতাকা উত্তোলনের পর মূল অনুষ্ঠানস্থলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুক্রবার শ্রীভূমিতে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে দেশভাগের বিভীষিকাময় পরিস্থিতির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী দেশভাগের সময়কার ভয়াবহ পরিস্থিতি ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ আগস্ট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘দেশভাগ বিভীষিকা স্মৃতি দিবস’-এর ওপর বিশেষ প্রদর্শনী, বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় জেলার সরকারি কার্যালয়গুলিতে সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে।
জাতীয় পতাকা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে জেলার ৩০টি স্থানে পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে সন্ধ্যায় আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় আগামী ১৭ আগস্ট পর্যন্ত নাগরিক, শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের harghartiranga.com ওয়েবসাইটে তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে ‘তিরঙ্গা স্যালুট’সহ আপলোড করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
স্বাধীনতা দিবস ও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে আরও নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস