
শ্রীভূমি, (অসম) ১৪ আগস্ট (হি.স.) : পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১৬৩ ধারায় কঠোর বিধিনিষেধ জারি করেছেন পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনার সপ্ততী এন্দো। শুক্রবার জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পূর্বানুমতি ছাড়া কোনো প্রকাশ্য স্থান, রাস্তা বা রাস্তায় পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত করা যাবে না। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের র্যালি, মিছিল, ধর্না, পদযাত্রা বা বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আগ্নেয়াস্ত্র, প্রাণঘাতী অস্ত্র, ধারালো অস্ত্র, লাঠি, তলোয়ার, বর্শা, ইট-পাথরসহ অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কোনো বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে এমন আপত্তিকর বিষয়বস্তু, গুজব বা ভুয়ো খবর প্রকাশ, প্রচার, পোস্ট বা শেয়ার করার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া উস্কানিমূলক ভাষণ, উত্তেজনাপূর্ণ স্লোগান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন কোনো বক্তব্য, অঙ্গভঙ্গি বা কার্যকলাপও নিষিদ্ধ করা হয়েছে।
তবে নির্দেশের ১, ২ ও ৩ নম্বর বিধিনিষেধ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মরত কর্মচারী এবং অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে প্রশাসনের নির্দেশে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শনিবার মুন্ডমালায় পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কো-ডিস্ট্রিক্ট কমিশনার সপ্ততী এন্দো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস