শ্রাবণী মেলার ভিড় সামাল দিতে মধুপুর–গয়া স্পেশাল ট্রেনের মেয়াদ আরও ১২ দিন বাড়াল রেল
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : শ্রাবণী মেলার পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মধুপুর–গয়া বিশেষ ট্রেনের পরিষেবা আরও ১২ দিন বৃদ্ধি করল রেল কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্ত
শ্রাবণী মেলার ভিড় সামাল দিতে মধুপুর–গয়া স্পেশাল ট্রেনের মেয়াদ আরও ১২ দিন বাড়াল রেল


কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : শ্রাবণী মেলার পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মধুপুর–গয়া বিশেষ ট্রেনের পরিষেবা আরও ১২ দিন বৃদ্ধি করল রেল কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত রুট, স্টপেজ ও সময়সূচি মেনেই চলবে এই বিশেষ ট্রেনটি।

রেলের ঘোষণা অনুযায়ী, ০৩৬৫৪ গয়া – মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল আগামী ১৭ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে এবং মোট ১২টি ট্রিপ দেবে। অন্যদিকে, ০৩৬৫৩ মধুপুর – গয়া শ্রাবণী মেলা স্পেশাল আগামী ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত পরিষেবা দেবে। এই ট্রেনটিও সমান সংখ্যক অর্থাৎ মোট ১২টি ট্রিপ করবে।

উল্লেখ্য, শ্রাবণ মাসে দেওঘর ও তৎসংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়। বিশেষত বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মধুপুর ও জসিডি জংশনের দিকে যাতায়াত করেন। এর ফলে নিয়মিত ট্রেনগুলিতে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয়। সেই ভিড় সামাল দিয়ে যাতায়াত নির্বিঘ্ন করতেই এই বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

রেল সূত্রে আরও জানা গেছে, যাত্রীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করেই ট্রেনটির পরিষেবা আরও কিছুদিন সম্প্রসারিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande