বুথ সভাপতি খুনে রণক্ষেত্র শ্রীভূমির বাজারিছড়া
৬ জন আটক, পুলিশের গুলিতে আহত মূল অভিযুক্ত, ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে উত্তেজনা
SRibhumi


শ্রীভূমি, (অসম) ১৪ আগস্ট (হি.স.) : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়ায় বিজেপির বুথ সভাপতি বিকাশ ধর খুনের ঘটনায় শুক্রবার দিনভর উত্তেজনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একদিকে নিখোঁজ বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার, অন্যদিকে অভিযুক্তদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর—পরপর ঘটনায় পরিস্থিতি চরম আকার নেয়। হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ প্রধান অভিযুক্ত আব্দুল হক-সহ মোট ছয়জনকে আটক করেছে। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে মূল অভিযুক্তকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, তিন দিন আগে ছাগলমোয়া এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন পরিবারের পক্ষ থেকে বাজারিছড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে ফিরে বিকাশ ধরের বাড়িতে যান রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এবং পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি বিকাশের খোঁজখবর নেন।

এরপর শুক্রবার অসম-ত্রিপুরা সীমান্তবর্তী যোগিছড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে বিকাশ ধরের মৃতদেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে বাজারিছড়া ও পার্শ্ববর্তী এলাকা। ক্ষুব্ধ জনতার একাংশ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। অভিযুক্তদের কয়েকটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।

পরিস্থিতি সামাল দিতে জেলা সদর থেকে ঘটনাস্থলে ছুটে যান শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার নীলা দোলে এবং অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল হক-সহ ছয়জনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মধ্যেই মূল অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে থামাতে গুলি চালায়। গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীভূমি পুলিশের সিনিয়র পুলিশ সুপার নীলা দোলে জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুথ সভাপতি বিকাশ ধর হত্যার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় জেলা বিজেপি কার্যালয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস-সহ দলের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ঘটনাকে ঘিরে বাজারিছড়া ও সংলগ্ন এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এখন তদন্তের মূল লক্ষ্য—বিকাশ ধরকে কেন খুন করা হল, হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তার পূর্ণ রহস্য উদঘাটন করা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande