
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
উভয় মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা এবং 'মেক-ইন-ইন্ডিয়া' কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির সুযোগ করে দেবে। ভারতে নিজের প্রথম সফরে শিনজিরো কোইজুমি বুধবার মুম্বাইতে পশ্চিম নৌ-কমান্ড পরিদর্শন করেন। সেখানে তিনি নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন এবং পশ্চিম নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়নের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধিদলকে ভারতীয় নৌ-বাহিনীর ভূমিকা, দায়িত্ব এবং কর্মক্ষমতা বা অপারেশনাল সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ