
ঝাড়গ্রাম, ২৩ আগস্ট (হি.স.):দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কালভার্ট। বন্ধ চার চাকার যান চলাচল। ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে ঝাড়গ্রামের বিনপুর-২ ব্লকের ভুলাভেদা অঞ্চলের আমাডুবির বাসিন্দাদের। নতুন সরকার গঠনের পর এবার প্রশাসনিক উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে, এমনই আশা স্থানীয়দের।
গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে আমাডুবি সংলগ্ন রাস্তায় থাকা কালভার্টটি ভেঙে পড়ে। এরপর থেকেই ওই রাস্তা দিয়ে চার চাকার যান চলাচল কার্যত বন্ধ। ফলে চড়কপাহাড়ী ও পুকুরিয়া হয়ে বাঁকুড়ার ফুলকুসুমা যাওয়ার পথে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।
রবিবার স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরে কালভার্টটি বিপজ্জনক অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি ভাঙা অংশে পড়ে এক বাইকচালক আহত হন বলেও অভিযোগ। বর্তমানে দু-একটি ছোট চার চাকার গাড়ি ঝুঁকি নিয়ে কোনওভাবে ওই অংশ পারাপার করলেও যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জরুরি পরিস্থিতিতে। অ্যাম্বুল্যান্স-সহ বড় গাড়ি ঢুকতে না পারায় মুমূর্ষু রোগী ও প্রসূতিদের ঘুরপথে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ। তাই দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণ করে রাস্তাটি যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন আমাডুবির বাসিন্দারা। নতুন সরকারের কাছে দ্রুত সমস্যার সমাধানের আবেদন তাঁদের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়