
বাঁকুড়া, ২৩ আগস্ট (হি. স.): সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, প্রতিবাদ করায় মারধর করে ঘরছাড়া করা এবং পরে মোটা টাকা জরিমানা নিয়ে গ্রামে ফিরতে দেওয়ার অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক প্রাক্তন ব্লক সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। মেজিয়া থানার পুলিশ বিপত্তারণ গরাই নামে ওই নেতাকে গ্রেফতার করে। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজিয়ার জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল সম্প্রতি থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ২০২১ সালের জানুয়ারি মাসে সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তৎকালীন আইএনটিটিইউসির মেজিয়া ব্লক সভাপতি বিপত্তারণ গরাই তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন।
করুণাময়ের আরও অভিযোগ, পরে তিনি জানতে পারেন, গ্রামের আরও কয়েকজনের কাছ থেকেও একই ভাবে টাকা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বিপত্তারণের নেতৃত্বে তাঁকে মারধর করে ঘর ও গ্রামছাড়া করা হয়। পরে ৫০ হাজার টাকা দেওয়ার বিনিময়ে তাঁকে ফের গ্রামে থাকার অনুমতি দেওয়া হয় বলেও অভিযোগ।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে মেজিয়া থানার পুলিশ। শনিবার রাতে বিপত্তারণকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।
তবে ধৃতের দাবি, রাজনৈতিক কারণে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট