
কাঠমান্ডু, ২৫ আগস্ট (হি.স.): সংসদে কালো চশমা পরে আসায় নিষেধাজ্ঞার পর এবার মেডিক্যাল রিপোর্ট জমা দিয়ে কালো চশমা পরা প্রয়োজন বলে লিখিত আবেদন জানালেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
প্রধানমন্ত্রী শাহের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট-সহ চিঠি ফেডারেল সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সহকারী মহাসচিব তথা মুখপাত্র একরাম গিরি।
এর আগে প্রতিনিধি সভার স্পিকার দোলপ্রসাদ আরিয়াল প্রধান সচেতক ও সচেতকদের মাধ্যমে সাংসদদের সংসদে কালো চশমা না পরার নির্দেশ দিয়েছিলেন। সংসদের মর্যাদা ও শৃঙ্খলার প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কালো চশমা পরে অধিবেশনে আসতে দেখা যাওয়ায় সাংসদদের একাংশ সমালোচনা করেন। এরপর স্পিকার সব দলের প্রধান সচেতকদের ডেকে নিজেদের দলের সাংসদ ও মন্ত্রীদের অধিবেশনে কালো চশমা পরে আসার উপর নিষেধাজ্ঞার বিষয়টি জানান।
স্পিকারের নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, কোনও সাংসদের স্বাস্থ্যগত কারণে কালো চশমা পরা প্রয়োজন হলে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। সেই নিয়ম মেনেই প্রধানমন্ত্রী শাহের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট-সহ চিঠি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
বুধবার প্রতিনিধি সভার অধিবেশনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে ১১ জন সাংসদ প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করবেন।
এর আগে সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শাহকে প্রতিবারই কালো চশমা পরে দেখা গিয়েছে। এমনকি শপথগ্রহণ, দায়িত্ব গ্রহণ কিংবা বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময়ও তাঁকে কালো চশমা পরেই দেখা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য