
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : বুধবার সকালে দক্ষিণ কলকাতা গড়ফার একটি আবাসনে এক শিশুর যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। চার বছরের শিশুর পরিবার এনিয়ে গড়ফা থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় এনিয়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, গড়ফার আবাসনে পরিবারের সঙ্গে থাকে চার বছরের ওই শিশু। বুধবার সে পাশের ফ্ল্যাটে কাকার কাছে গিয়েছিল। সেসময় কাকা বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাচ্চাটিকে দেখে প্রতিবেশী এক প্রৌঢ় ডাকে। তাকে জল খাওয়ানোর নাম করে ডেকে আবাসনের ছাদে নিয়ে যায়। এরপর তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
বাচ্চার কান্না শুনে পরিবারের লোকজন ছুটে যান। কিন্তু সেখানে আর ওই ব্যক্তিকে দেখা যায়নি। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শিশুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী বছর পঞ্চান্নর ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে নিগৃহীত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত