
ঝড়খালি, ২৬ আগস্ট (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফের একটি বাঘের মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। কয়েক দিনের ব্যবধানে একই কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর।
বুধবার বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিল ‘সুন্দর’। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, সংক্রমণের কারণেই বাঘটিকে চিকিৎসা করা হচ্ছিল।
এর আগে কয়েক দিন আগেই একই পুনর্বাসন কেন্দ্রে ‘সুন্দরী’ নামে একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি বাঘের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বন্যপ্রাণপ্রেমীদের মধ্যে।
প্রায় ১৬ বছর বয়সি ‘সুন্দর’ দীর্ঘদিন ধরে ওই পুনর্বাসন কেন্দ্রে ছিল। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
পরপর দুটি বাঘের মৃত্যুতে পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা এবং বাঘগুলির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বন দপ্তরের দাবি, ‘সুন্দর’-কে সুস্থ করে তুলতে চিকিৎসার সবরকম চেষ্টা করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়