
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী। আরপিএফ ও জিআরপিএস-এর যৌথ অভিযানে মালদা টাউন স্টেশন থেকে ৪২.০১৯ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা। এই ঘটনায় তিন যাত্রীকে আটক করা হয়েছে।
রেল সূত্রে খবর, গত ২৫ ও ২৬ আগস্টের মধ্যবর্তী রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। ট্রেনটি মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর বি-৪ (B-04) কামরায় তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা। সেখানে একটি ট্রলি ব্যাগ এবং দুটি লাগেজ ব্যাগের ভিতরে একাধিক প্যাকেটে লুকিয়ে রাখা নিষিদ্ধ এই মাদক উদ্ধার করা হয়।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, আগরতলা থেকে মাদক নিয়ে ভাগলপুর ও জামালপুরে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতেরা। এনডিপিসি (NDPS) আইনের ২০(b)(ii)(C) ও ২৯ ধারায় মালদা টাউন জিআরপিএস থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে সফল অভিযানের জন্য যুক্ত কর্মীদের প্রশংসা করেছেন এবং দূরপাল্লার ট্রেনগুলিতে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত