
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্যোগে এবং এনএফ রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের (এনএফআরএসএ) ব্যবস্থাপনায় সোমবার মালিগাঁওয়ের এনএফআরএসএ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৭২তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা) ২০২৬-২৭। আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।
চ্যাম্পিয়নশিপে ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনাল রেলওয়ে ও প্রোডাকশন ইউনিটের প্রতিনিধিত্বকারী ৬৫ জন পুরুষ এবং ৩১ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা পরিচালনার জন্য রেলওয়ে বোর্ডের মনোনীত ১৭ জন রেফারি, দুজন নির্বাচক এবং একজন পর্যবেক্ষক উপস্থিত রয়েছেন।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দলগত ও ব্যক্তিগত লড়াই অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়রা শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা ভারতীয় রেলওয়ের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি ও উৎকর্ষের প্রতিফলন।
সোমবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার রমেশ কুমার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দলগুলির পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত ভাষণ, পতাকা উত্তোলন, রেলওয়ে বোর্ডের আধিকারিকদের পরিচিতি, মুখ্য অতিথির বক্তব্য, সংবর্ধনা এবং আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করা হয়।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, খেলাধুলার বিকাশ এবং রেলওয়ের ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের জন্য উন্নত পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রীড়া প্রতিভার বিকাশ, সুস্থ ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং দেশের বিভিন্ন রেলওয়ে কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস