
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): নদিয়ার শান্তিপুরে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুরুষ ও এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় ভোর আনুমানিক ৫টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, সকালে এলাকাবাসী একটি গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। গাড়ির ভেতরে এক পুরুষ ও এক মহিলা আটকে ছিলেন। খবর পেয়েই শান্তিপুর থানার পুলিশ ও ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়ির ভেতর থেকে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সামনে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, গাড়িটির মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উত্তরপ্রদেশের নম্বরে নথিভুক্ত। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লরির পেছনে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত