
শ্রীভূমি (অসম), ৩ আগস্ট (হি.স.) : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সংবাদকর্মীদের হয়রানি, শারীরিক নিগ্রহ ও হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। এসব ঘটনার প্রতিবাদ এবং কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার শ্রীভূমির কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশে একটি স্মারকপত্র পেশ করা হয়।
স্মারকপত্রে উল্লেখ করা হয়, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির আন্দোলন কভার করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় মহিলা সাংবাদিকরাও রেহাই পাননি। এছাড়াও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, অসমসহ দেশের বিভিন্ন রাজ্যে সময়ে সময়ে সাংবাদিক নিগ্রহের ঘটনা সামনে আসছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে কর্তব্যরত সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে স্মারকপত্রে।
জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশে স্মারকপত্র পেশের পাশাপাশি এর প্রতিলিপি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।
স্মারকপত্র পেশের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক চন্দনকুমার রায়, গৌরীশ নন্দী, অরূপ রায়সহ শ্রীভূমির কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিরা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস