
কলকাতা, ৩ আগস্ট (হি.স.) : দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার এক ব্যবসায়ীকে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন ও ভয়েস মেসেজ পাঠিয়ে কোটি কোটি টাকার তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে শহরজুড়ে। ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।
রাজ্যে জইশ-ই-মহম্মদ জঙ্গি মডিউলের পর্দাফাঁস হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ওপর নজরদারি ছিল তাদের। এই রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নম্বর থেকে ক্রমাগত হুমকি পাচ্ছিলেন। গত ৩০ জুন প্রথমবার একটি আন্তর্জাতিক নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য পরিচয় দিয়ে সোজা ৫ কোটি টাকা দাবি করা হয়।
প্রথম ফোনের পর থেকে বিগত এক মাস ধরে তাঁকে প্রতিনিয়ত বিভিন্ন অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন এবং ভয়েস মেসেজ পাঠানো হচ্ছিল বলে ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত